নড়াইল-১ (কালিয়া ও সদরের আংশিক) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক বি এম নাগিব হোসেন নির্বাচনী পথসভা ও মিছিল করেছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে ‘কলস’ প্রতীকের সমর্থনে এসব কর্মসূচি পালন করা হয়।
পথসভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এই অধ্যাপক বলেন, “তৃণমূল মানুষের ভালোবাসা ও সমর্থনে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। নির্বাচিত হলে বারইপাড়া খেয়াঘাটের নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত বাস্তবায়ন এবং মহাজন-বড়দিয়া ঘাটে নতুন সেতু নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে।” তিনি আরও জানান, কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন, শিল্প কারখানা স্থাপন এবং দুর্নীতিমুক্ত একটি বাসযোগ্য জনপদ গড়াই তাঁর মূল লক্ষ্য।
এ সময় কর্মসূচিতে অংশ নেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা সেলিম রেজা ইউসুফ, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক স ম ইকরাম রেজা প্রমুখ। উল্লেখ্য, বি এম নাগিব হোসেন জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।