খুলনা

নড়াইলে দুই হাজার রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা, লেন্স পাবেন ২২১ জন

নড়াইলে বরেণ্য শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শহরের নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাইকৃত ২২১ জন রোগীর চোখে বিনামূল্যে লেন্স সংযোজন করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

 

আয়োজক সূত্রে জানা গেছে, এটি পরিষদের দ্বিতীয় পর্যায়ের চক্ষুচিকিৎসা কার্যক্রম। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল দিনভর রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। গত বছরের ১৮ আগস্ট প্রথমবার এমন শিবিরের আয়োজন করা হয়েছিল।

 

স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ মতিন জানান, “আমরা অসহায় মানুষের দোরগোড়ায় আধুনিক চক্ষুসেবা পৌঁছে দিতে কাজ করছি। আজ দিনব্যাপী ২ হাজার মানুষকে সেবা দেওয়া হয়েছে এবং ২২১ জন রোগীর ছানি অপারেশন ও লেন্স সংযোজনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ চিকিৎসক শরীফ জাহাঙ্গীর আতীক। উপস্থিত অতিথিরা মানবিক এই উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

উল্লেখ্য, শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদ প্রতি মাসের শেষ শুক্রবার নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ, আইনি পরামর্শ এবং রক্ত ও ডায়াবেটিস পরীক্ষার মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।



সম্পর্কিত খবর