এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইসলাম শেখকে (৫২) পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রতিপক্ষ টিপু সুলতান ও কামরুল ইসলামের নেতৃত্বে তাদের লোকজন ওত পেতে থেকে রঘুনাথপুর কবরস্থান এলাকায় ইসলামকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন। এছাড়া শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন।
নিহত ইসলাম শেখের পরিবারের সদস্যরা জানান, ইসলাম লাহুড়িয়া বাজার থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। প্রতিপক্ষ টিপু সুলতানের নেতৃত্বে তার লোকজন ওত পেতে থেকে ইসলামকে হত্যা করে। টিপু আওয়ামী লীগের সমর্থক। তার নামে নাশকতার মামলা রয়েছে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা টিপু সুলতান এবং শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মফিজার পক্ষের ইসলাম শেখকে হত্যা করা হয়েছে।
এদিকে ইসলাম নিহতের ঘটনায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিহতের পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শোক ও সমবেদনা জানান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, নিহত ইসলাম শেখের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি।