নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে এক কেজি গাঁজা ও ১০১টি ইয়াবাসহ জামাই-শাশুড়িকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (৩১ আগস্ট) বিকেলে পাঁচুড়িয়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শাশুড়ি সীমা বেগম (৩৮) ও জামাই রাসেল শেখ (২১)। সীমা পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের স্ত্রী এবং রাসেল শেখ একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পাঁচুড়িয়া গ্রামের ইউসুফ শেখের বাড়িতে অভিযান চালানো হয়। বসতঘর তল্লাশি করে এক কেজি গাঁজা ও ১০১টি ইয়াবাসহ সীমা বেগম ও তার জামাই রাসেল শেখকে আটক করা হয়। পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে লোহাগড়া থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এর প্রায় দুই মাস আগে সীমার স্বামী ইউসুফ শেখও একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান।
উপপরিচালক আরও জানান, ইউসুফ শেখ লোহাগড়া উপজেলার অন্যতম শীর্ষ মাদক কারবারি। স্বামী কারাগারে থাকায় শাশুড়ি ও জামাই মিলে মাদক কারবার চালিয়ে আসছিলেন। অর্থাৎ ইউসুফ শেখ, তার স্ত্রী সীমা বেগম ও জামাই রাসেল যৌথভাবে মাদক বেচাকেনায় যুক্ত। প্রায় ছয় বছর ধরে তারা এই অপরাধে জড়িত। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।