খুলনা

নড়াইলে সুলতান উৎসবে ‘আলোকচিত্র প্রদর্শনী’ প্রতিযোগিতায় বিজয়ী দুই সাংবাদিক

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শেষ হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইলের সুলতান মঞ্চে সমাপনী অনুষ্ঠানে আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আলোকচিত্র প্রদর্শনীতে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ডিবিসির নড়াইল প্রতিনিধি ফরহাদ খান ও আরটিভির সাংবাদিক মোস্তফা কামালসহ পাঁচজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এই প্রদর্শনীতে সাংবাদিক, শিক্ষার্থী ও শৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার ৪০ জন অংশ নেন। এছাড়া শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগে ৫০ জনকে পুরস্কৃত করা হয়েছে।

এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সুলতান উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্যসচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস, চিত্রশিল্পী ডিডি মল্লিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমানসহ সুলতানপ্রেমীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে ‘ড্রামা সার্কেল, নড়াইল’-এর পরিবেশনায় ‘এখনও ক্রীতদাস’ নাটকটি মঞ্চস্থ হয়। এছাড়া আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাঙ্গণে আয়োজিত গ্রামীণ মেলায় প্রচুর লোকসমাগম দেখা গেছে।

এর আগে গত শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’খ্যাত সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাহিত করা হয়।



সম্পর্কিত খবর