নড়াইলের কালিয়া শ্মশানঘাট এলাকায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের মান্নান লস্করের ছেলে শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের লিকু সরদারের ছেলে ওলি সরদার (২৩), বাকা গ্রামের আফতাব উদ্দিন শিকদারের ছেলে বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড়কালিয়া এলাকার বাচ্চু গাজীর ছেলে মাহাবুর গাজী (৩০)।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা-পুলিশের একটি দল শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়। বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলামকে অবহিত করা হয়।
সচেতন মহলসহ বিভিন্ন পেশার মানুষ জানান, শহর ও গ্রামগঞ্জসহ বিভিন্ন এলাকায় এ ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী ও মাদক কারবারিদের আটকসহ আইনগত ব্যবস্থা নেওয়া হলে দেশে মাদকের বিস্তার রোধ হবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত এ ধরনের অভিযান চালানো প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।