খুলনা

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বড়দিয়া বাজার খেয়াঘাট চত্বরে নবগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নড়াইলের খাশিয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, কোটাকোল ইউপি চেয়ারম্যান হাসান আল মামুন, মোল্যা শাহাদাত হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, তুহিন হোসেন ও সুলতানা বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২৯ আগস্ট (শুক্রবার) ভোরে নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙনে একনিমেষে বড়দিয়া খেয়াঘাট চত্বরের ১০টি বসতঘর, গাছপালা ও টিউবওয়েলসহ ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন-আতঙ্কে রয়েছে বড়দিয়া বাজারের ৪০০ ব্যবসায়ীসহ অন্তত ১৫টি পরিবার এবং বড়দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা, খেয়া ও ফেরিঘাট চত্বর। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান ভুক্তভোগীরা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলাসহ স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা জানান, নবগঙ্গা অত্যন্ত ভাঙনপ্রবণ নদী। এই নদীর ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় কাজ চলছে। এছাড়া স্থায়ী বাঁধ নির্মাণে ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি পাস হলে বড়দিয়াসহ বিভিন্ন এলাকায় ভাঙন প্রতিরোধে কাজ করা সম্ভব হবে। তিনি আরও জানান, বর্ষা মৌসুমে তাৎক্ষণিক ভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনায় আপৎকালীন কাজের অংশ হিসেবে পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি রয়েছে। এর মাধ্যমে মানুষের বাড়িঘর ও মূল্যবান স্থাপনা রক্ষার চেষ্টা করা হচ্ছে।



সম্পর্কিত খবর