পটুয়াখালীর পায়রাকুঞ্জে ২১৫৪ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতের নাম শাহিন হাওলাদার(৩৪)।
বৃহস্পতিবার ২৬ জুন সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালীর পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় জনৈক মোঃ শাহিন হাওলাদার (৩৪) এর গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবাসহ তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী রাত ৩ টায় তার বাড়ি তল্লাশি করে ১০ লক্ষ টাকা মূল্যের ২০০০ পিস ইয়াবা এবং ১ টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত ২১৫৪ পিস ইয়াবার মূল্য প্রায় এগারো লক্ষ টাকা।
জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরোও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।#