জাতীয়

পুরান ঢাকায় জবি ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, উদ্ধার মরদেহ

পুরান ঢাকার আরমানিটোলার পানির পাম্প গলি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বেও ছিলেন।

 

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে পুলিশ জুবায়েদের মরদেহ উদ্ধার করে।

 

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, "জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যে স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, তিনি সেখানে একটি বাড়িতে টিউশনি করতেন। তবে তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।"

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তিনি বলেন, "পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে এবং তারা সেটি সংগ্রহের চেষ্টা করছে।"

 

শিক্ষার্থী ও ছাত্রদল নেতার এমন আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।



সম্পর্কিত খবর