গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন অগ্রসেনানী হিসেবে তারেক রহমান নির্বাসনে থেকেও দীর্ঘ ১৭ বছর দূরদর্শী ও উদ্ভাবনী রাজনৈতিক দর্শনের মাধ্যমে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশ নতুন করে গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হবে। বার্তায় তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর উত্তরসূরি হিসেবে তারেক রহমান দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেবেন। তাঁর প্রজ্ঞা, নিষ্ঠা ও রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন, বাকস্বাধীনতা এবং ভোটাধিকারের স্থায়ী প্রতিষ্ঠা সম্ভব হবে বলেও মন্তব্য করেন উপাচার্য। উপাচার্য আরও বলেন, জনগণের গণতান্ত্রিক প্রত্যাশার প্রতীক হিসেবে নতুন সরকারের যাত্রায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এক নতুন মাইলফলক অর্জন করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে।
রাষ্ট্র পরিচালনার এ নতুন দায়িত্ব পালনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন ডুয়েট উপাচার্য।