প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে : প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, মিতসুই বিশ্বজুড়ে অবকাঠামো, লজিস্টিকস, জ্বালানি, ধাতু ও খাদ্য বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনা করে থাকে।
বৈঠককালে বাংলাদেশে কৃষি, খাদ্য, তথ্যপ্রযুক্তি এবং জ্বালানি খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা ও বিদ্যমান বিনিয়োগের পরিধি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারপ্রধানের পক্ষ থেকে প্রতিনিধিদলকে জানানো হয় যে, বর্তমান সরকার অত্যন্ত বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি পুঁজি আকর্ষণ ও সম্প্রসারণে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
বিনিয়োগকারীদের সুবিধার্থে ব্যবসায়িক কার্যক্রম ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থাকে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় একীভূত করার বিশেষ উদ্যোগের কথা বৈঠকে জানানো হয়। এর ফলে বিনিয়োগ সংক্রান্ত যাবতীয় আনুষ্ঠানিকতা দ্রুত ও কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সম্পন্ন করা সম্ভব হবে বলে সরকার আশা প্রকাশ করেছে।
সাক্ষাৎকারে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। অন্যদিকে মিতসুই-এর প্রতিনিধিদলে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।