খুলনা

প্রেসক্লাব যশোরের সভাপতি পদে শওকত-টুকুন মুখোমুখি, সম্পাদক পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্যসচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে সভাপতি পদ ঘিরে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক প্রভাতফেরীর সম্পাদক ফকির শওকত এবং দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। দুই অভিজ্ঞ সাংবাদিকের মুখোমুখি লড়াইয়ে নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ তৈরি হয়েছে। সভাপতি পদে ভোটের হিসাব-নিকাশ নিয়ে এরই মধ্যে সদস্যদের মধ্যে শুরু হয়েছে নানা চর্চা।

সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী লড়াই

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন—নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু। গুরুত্বপূর্ণ এ পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে। প্রার্থীরাও ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে যাঁরা

প্রেসক্লাব যশোরের কয়েকটি পদে একক প্রার্থী থাকায় সংশ্লিষ্ট পদগুলোতে ভোট ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। সহসভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পদে তিনজনে মনোনয়নপত্র কিনলেও একজন জমা দেননি, ফলে ভোটাভুটির প্রয়োজন থাকছে না।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তৌহিদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে তাঁদেরও কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখ পড়তে হচ্ছে না।

অন্যান্য পদে প্রার্থীরা

সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুরশিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস এম সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।

মনোনয়নপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে প্রেসক্লাব যশোরের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যেসব পদে একাধিক প্রার্থী রয়েছেন, সেসব পদে সদস্যদের মধ্যে শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ। প্রার্থীরাও নিজ নিজ পক্ষে সমর্থন আদায়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

প্রেসক্লাব যশোরের সদস্যরা আশা করছেন, পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারত্ব ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটিও একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


সম্পর্কিত খবর