খেলাধুলা

ফিফা নিয়ে স্বাধীন তদন্তের দাবি ফিফপ্রোর

ফিফার বিতর্কিত বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা নিয়ে পরিচালনা ব্যবস্থার এক স্বাধীন পর্যালোচনার দাবি তুলেছে বিশ্বব্যাপী ফুটবলারদের সংগঠন ‘ফিফপ্রো’।

 

ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবনাটি দেওয়ার পর থেকেই প্রচণ্ড চাপে রয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

 

 

প্রস্তাবনা অনুযায়ী ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের দেওয়ার কথা ছিল, যা পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক দিকগুলো পরিচালনা করত। পরে ব্যাপক সমালোচনার পর নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটে ফিফা। এমনকি পরে ক্ষমাও চেয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবু মুক্তি পাচ্ছেন না ফিফা সভাপতি।

 

 

ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফাসহ তিনটি মহাদেশীয় কনফেডারেশনের তীব্র প্রত্যাখ্যানের মুখে প্রস্তাবটি শেষ পর্যন্ত বাতিল হয়। সঙ্গে উয়েফা হুমকি দিয়ে রেখেছিল পরিকল্পনাটি পুরোপুরি বাদ না দিলে এবং ভবিষ্যতে যদি এমন উদ্যোগ আর কখনো নেওয়া হয় তাহলে ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে।

 

গত ২৭ আগস্ট বয়কটের হুমকি তুলে নেওয়ার কথা জানায় উয়েফা। বয়কট তুলে নিলেও ইনফান্তিনোর ওপর ‘আস্থা’ হারিয়ে ফেলায় আগামী বছরের কংগ্রেসে তার বিরুদ্ধে লড়াই করার জন্য একজন যোগ্য প্রার্থী দাঁড় করানোর বিষয়ে কাজ করার কথা নিশ্চিত করে তারা।

 

 

একইসঙ্গে এফএফই পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত পুরো প্রক্রিয়ার একটি স্বাধীন পর্যালোচনার আহ্বান জানায় উয়েফা।

গতকাল (সোমবার) ফিফপ্রো ও ফিফপ্রো ইউরোপও এই পর্যালোচনার দাবিকে সমর্থন জানিয়ে বলেছে, ‘যাতে কোনো একক দপ্তর আর কখনো একতরফাভাবে এমন কোনো সিদ্ধান্ত নিতে না পারে।’

 

অন্যদিকে ফিফা কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় খেলোয়াড়, ক্লাব এবং লিগ প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে যুক্ত করার দাবি জানিয়েছে ফিফপ্রো।

 

এ ছাড়া গতকাল ফিফপ্রো একটি প্রতিবেদন প্রকাশ করে তুলে ধরেছে কীভাবে ফুটবলের মূল আর্থিক মূল্য তৈরি হয়। তাদের মতে, প্রতিবেদনটি প্রমাণ করে কেন ‘বিশ্বব্যাপী ফুটবল ব্যবস্থার ভিত্তি বা কর্মীদের সম্পদ হিসেবে সস্তায় বিক্রি করে দেওয়া যায় না।

 

 

গত ২৮ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানিয়েছিল এফএফইয়ের মূল্যায়ন ধরা হয়েছিল ২০ বিলিয়ন ডলার (প্রায় ১৪.৮৪ বিলিয়ন পাউন্ড)। তবে মার্কিন আদালতে নথিপত্র প্রকাশের আবেদন জানিয়ে উয়েফা জানায়, এই মূল্য নির্ধারণ ছিল ‘সম্পূর্ণ অস্বাভাবিক ও প্রতারণামূলক।’

 



সম্পর্কিত খবর