অর্থনীতি ও বাণিজ্য

ফেব্রুয়ারির ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

ফেব্রুয়ারির ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৫৫৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩০ পয়সা হিসাবে)। এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি।

 

রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির সাত মাস ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের সাত মাস ১৪ দিনে আগের বছরের চেয়ে ২০ দশমিক ৪ শতাংশ বেশি প্রবাসী আয় এলো।  এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

 

আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার। যা ছিল দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ও চলতি অর্থবছরের কোনো এক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। গত নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। এছাড়া গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

 

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

 



সম্পর্কিত খবর