বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরুইল যশোপাড়ায় ফয়সাল হোসেন জয় (১৮) নামের এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফয়সাল হোসেন জয় শাখারিয়া ইউনিয়নের বনমালীপাড়ার ট্রাক চালক স্বাধীনের পুত্র।
আজ সোমবার সকালে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, রবিবার রাত ১০টার দিকে ফয়সাল হোসেন জয় শাখারিয়ার কাজী নূরুইল গ্রামের মৃত মকবুল মাষ্টারের ছেলে মন্টু’র বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে আটক করে। পরে মারপিটের এক পর্যায়ে সে মারা যায়। সোমবার সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠান।
এব্যাপারে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জন আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।