খুলনা

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। বরেণ্য এই শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন গুণী শিল্পী এস এম সুলতান। উল্লেখ্য, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের চিত্রানদী পারের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি জানান, চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগ্রহশালা চত্বরে গতকাল (শুক্রবার) কোরআন খতম ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আজ শনিবার (১০ অক্টোবর) সকালে সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া-মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।

চিত্রশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়াউইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাসহ বহু পুরস্কার। অন্যদিকে ২০০১ সাল থেকে সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান স্বর্ণপদক’ দেওয়া হয়।



সম্পর্কিত খবর