বাঁশখালীতে এক প্রবাসীর জায়গায় চাঁদার দাবিতে ঘেরা-বেড়া ভাঙচুর এবং কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বাঁশখালী পৌর সদরের পশ্চিম নেয়াজরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রবাসী হাফেজ বোরহান পূর্ব বৈলছড়ি এলাকার সৈয়দ আহমদের ছেলে।
জানা গেছে, সৌদি আরব প্রবাসী হাফেজ বোরহান উদ্দিন বাঁশখালী পৌরসভার সাবেক কর্মকর্তা (বর্তমানে চন্দনাইশ পৌরসভায় বদলি) মোহাম্মদ বাবুলের কাছ থেকে ৪ শতক জায়গা খরিদ করেন। উক্ত জায়গা বোরহানের নামে নামজারি ও খতিয়ানও সৃজিত হয়। নামজারি খতিয়ান নং ২৫-১১৪৯৭। এদিকে গত কিছুদিন ধরে স্থানীয় এক নেতার নেতৃত্বে একটি গ্রুপ প্রবাসীর কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে রবিবার প্রবাসীর জায়গার ঘেরা-বেড়া ভাঙচুর করে। এ সময় প্রবাসীকে তাঁর জায়গায় কাজ করতেও বাধা দেওয়া হয়।
পৌরসভার কর্মকর্তা মোহাম্মদ বাবুল জানান, জায়গাটি আমি ৫ বছর আগে খরিদ করে সেখানে দখলে ছিলাম। টাকার প্রয়োজনে প্রবাসী বোরহানকে বিক্রি করে দখল বুঝিয়ে দিয়েছি। ওই জায়গা মিয়ারবাজারের পরিচিত ব্যবসায়ী ফরিদ সওদাগরের কাছ থেকে আমি কিনেছিলাম। তিনি জানান, বর্তমানে ওই জায়গায় কাজ করতে বাধা দেওয়া হচ্ছে এবং ঘেরা-বেড়া ভাঙচুর করা হয়েছে।
অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, "ওই জায়গায় আমি জায়গা পাব। আমি পাওয়ার অব অ্যাটর্নি নিয়েছি। চাঁদা দাবি করিনি।"
বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।