চট্টগ্রামের বাঁশখালীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে একটি নার্সারির শতাধিক গাছ কেটে টিনের ঘেরা দিয়ে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার কালীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় আলিফ মিম নার্সারীতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকার মৃত শফিক আহমদের ছেলে মোহাম্মদ ছরওয়ার বাদী হয়ে ছাত্রদল নেতা তারেক ও আবদুল মালেকসহ ১১ জনের নাম উল্লেখ করে ৫০-৬০ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেছেন।
নার্সারির মালিক মোহাম্মদ ছরওয়ার জানান, রবিবার সকাল ৮টার দিকে ছাত্রদল নেতা তারেক ও স্থানীয় আবদুল মালেকের নেতৃত্বে ৫০-৬০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর মালিকানাধীন নার্সারী, ভিটা ও বাগানে প্রবেশ করে। তাঁরা সুপারি, মেহগনি ও আকাশমণি গাছসহ শতাধিক গাছ কেটে সাবাড় করে দেন। একই সঙ্গে নার্সারিতে থাকা আম, জাম, আমড়াসহ বিভিন্ন প্রজাতির কলম চারা লুট করে নিয়ে যায় এবং বীজতলার ছাউনি ও শত শত চারা গাছ নষ্ট করে। গাছ কেটে নেওয়ার পর তারা ওই জায়গায় টিনের ঘেরা স্থাপন করে। এতে নার্সারী মালিকের কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক তাঁর বিরুদ্ধে ওঠা জায়গা দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি জায়গা দখল করতে যাইনি। ওখান থেকে আমাকে বার বার ফোন দেওয়ার পর ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু আমি কোনো সংঘাতে জড়াইনি, কারও গাছপালাও কাটিনি। বরং আমি গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছি।"
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।