বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে গত ৪ নভেম্বর নিহত জাকের হোসেনের হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যাকান্ডের ৯ দিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামি ফারুকসহ হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর পরই স্থানীয় জনগন ৩জনকে ধরে পুলিশের হাতে সোপর্দ করলেও বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা নেই। অপরদিকে আসামিরা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামিদের হুমকির মুখে নিরাপত্তাহীন নিহত জাকের হোসেনের পরিবার।
জানা গেছে, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব ইলশা গ্রামের গুরামিয়া মাস্টার বাড়ি এলাকায় জায়গা জমির বিরোধ থেকে প্রতিপক্ষের হামলায় জাকের হোসেনসহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত জাকের হোসেনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাকের হোসেন সেনা সদস্য জাবের হোসেন রায়হানের পিতা এবং মৃত মোজাফফর আহমদের ছেলে। সেদিনের হামলায় জাকের হোসেনের স্ত্রী পারভিন আক্তার, মেয়ে সারজিন সোলতানা ও ছেলে ইকবাল হোসেনসহ পরিবারের আরো ৩ সদস্য আহত হয়।
মামলার বাদী ইকবাল হোসেন জানান, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে পুলিশের কোন তৎপরতা নেই। বর্তমানে আমার বাবার হত্যাকারীরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
মামলার তদন্ত কর্মকর্তা গৌর চন্দ্র সাহা জানান, জাকের হোসেন হত্যার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। বাদিকে হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি।