অর্থনীতি ও বাণিজ্য

বাংলাদেশে কার্যক্রম অব্যাহত রাখতে আগ্রহী এমএসএফ

বাংলাদেশে মানবিক ও চিকিৎসাসেবা কার্যক্রম আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সংস্থা মেডসাঁ সাঁ ফ্রতিয়ের (এমএসএফ)। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ অব্যাহত রাখার আগ্রহের কথা জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

 

সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশে এমএসএফের চলমান মানবিক ও চিকিৎসা কার্যক্রম, জরুরি স্বাস্থ্যসেবা, মানবিক সংকটে চিকিৎসা সহায়তা এবং ভবিষ্যতে সংস্থাটির কার্যক্রম আরো জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে হুমায়ুন কবির বাংলাদেশে দীর্ঘদিন ধরে মানবিক ও চিকিৎসাসেবা প্রদানে এমএসএফের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মানবিক সংকটের সময় মানুষের জীবন রক্ষা এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

আলোচনায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে জরুরি ও মানবিক চিকিৎসাসেবার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে দুর্যোগ, বাস্তুচ্যুতি, রোগের প্রাদুর্ভাবসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ নিয়েও মতবিনিময় হয়। বাংলাদেশে এমএসএফের বিভিন্ন মানবিক কার্যক্রম ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিনিধিদলটি। মানবিক স্বাস্থ্যসেবা দিতে গিয়ে সংস্থাটি যেসব বাস্তবতার মুখোমুখি হচ্ছে এবং ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও উপদেষ্টাকে অবহিত করা হয়। বৈঠকে মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

এ ছাড়া স্বাস্থ্য ও মানবিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা, জরুরি চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

 

এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ড. মোহাম্মদ জাভিদ আবদেলমোনেইম বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম ও মানবিক স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বাংলাদেশে এমএসএফের কার্যক্রম অব্যাহত রাখা এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

 

বৈঠকে এমএসএফের আন্তর্জাতিক সভাপতি ছাড়াও বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এলকো ব্রুমেলম্যান, মালয়েশিয়া মিশনের আঞ্চলিক মানবিক বিষয়ক প্রধান আনা আনসারি এবং বাংলাদেশ মিশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অ্যাডভাইজার ইমামুর রহমান উপস্থিত ছিলেন।

 

 

বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশে মানবিক ও স্বাস্থ্যসেবা খাতে এমএসএফের কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

 



সম্পর্কিত খবর