পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সাথে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বেলা ৩টায় বিদ্যালয়ের মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী আবুয়াল খায়ের মোহাম্মদ শোয়েব বাশরি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির সদস্য প্রকৌশলী মো. ফিরোজ আলম, বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন।
এছাড়া বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক, বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় বিদ্যালয়ের সার্বিক চিত্র নিয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে বর্তমান শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি, ঝরে পড়া রোধ, পড়াশোনার গুণগত মান বৃদ্ধি, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শ্রেণিকক্ষসংকটসহ অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষকরা তাঁদের পাঠদানের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। অভিভাবকরা তাঁদের সন্তানদের নিরাপত্তা, যাতায়াত এবং শিক্ষার মান নিয়ে মতামত দেন। শিক্ষার্থীরাও খেলার মাঠ, কমনরুম ও লাইব্রেরি সুবিধা বাড়ানোর দাবি জানায়।
সভায় বক্তারা বলেন, "শুধু কমিটি বা শিক্ষকদের একার প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। এর জন্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।"
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডহক কমিটির সভাপতি প্রকৌশলী শোয়েব বাশরি বলেন, "এই বিদ্যালয়টি বাউফলের নারী শিক্ষার বাতিঘর। এর হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং শিক্ষার মানোন্নয়নে যা যা করণীয়, তা পর্যায়ক্রমে করা হবে। এজন্য আমি সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।"
সবশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।