বরিশাল

বাউফলে ডিসিআই ও আরএসসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীর বাউফলে প্রান্তিক ও হতদরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

ডিসিআই (DCI) ও আরএসসি (RSC) নামে দুটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) যৌথ আয়োজনে এবং মাইজভাণ্ডারী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এই চক্ষু চিকিৎসা দেওয়া হয়।

 

চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেনের (আরএসসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুলফিকার হায়দার এবং পটুয়াখালী জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শাহাদৎজাদা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

আরএসসির প্রোগ্রাম ম্যানেজার রোমেল নাসের জানান, তাঁদের সংস্থা ২০০৭ সাল থেকে সারাদেশে এমন ক্যাম্প আয়োজন করে আসছে। তিনি বলেন, সুবিধাবঞ্চিত যেসব মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা ও ছানি অপারেশনের খরচ বহন করতে পারেন না, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দেওয়া হয়।

 

এদিনের ক্যাম্পে মোট ৮০৫ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৮৩ জন ছানি রোগী এবং ৩৬৬ জন রোগীকে চশমার জন্য শনাক্ত করা হয়েছে। এই সকল রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।



সম্পর্কিত খবর