পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। হামলার বিচার দাবি করে সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়েছে। একই দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা মানববন্ধনও করেছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (৮ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটের দিকে পৌর শহরের আল-ফায়াত হোটেলের সামনে এই ঘটনা ঘটে। এর আগে বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির র্যালি চলাকালে দাশপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের সঙ্গে আপেল মাহমুদ ফিরোজের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছিল।
আপেল ফিরোজের দাবি, ওই ঘটনার জেরে রাতে আলতাফ হোসেনের ছোট ছেলে সাদেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন জিআই পাইপ নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আপেল মাহমুদ ফিরোজ বলেন, আলতাফ মেম্বার বিএনপির কেউ নন। একসময় তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাপান ফিরোজের পক্ষে ছিলেন। রবিবার বিকেলে র্যালির সামনে চলে আসায় তাঁকে সরে যেতে বলা হলে তিনি সিনিয়র নেতাদের সামনেই গালিগালাজ করেন। পরবর্তীতে র্যালি শেষে বাজারে চাল ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করতে গেলে সাদেকের নেতৃত্বে তাঁর ওপর এই হামলা চালানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলতাফ হোসেন ও তাঁর ছেলে সাদেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, উপজেলা বিএনপির সদস্যসচিবের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি জানান, ঘটনার রাতে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের স্ত্রী সালমা আলমসহ তাঁরা আপেল ফিরোজের বাসায় যান এবং বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার চেষ্টা চলছে।
এদিকে হামলার বিচারের দাবিতে বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি হাচন দালাল মার্কেটের ব্যবসায়ীরাও মানববন্ধনে অংশ নেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আপেল মাহমুদ ফিরোজ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।