বরিশাল

বাউফলে মামলা বিচারাধীন অবস্থায় দোকানের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় কালাইয়া বন্দর বাজারের ‘মমতা সুজ’ নামের এক জুতার দোকানের তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাউফল হাসপাতাল সড়কে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী ও সাংবাদিক সাগর দাস এ অভিযোগ করেন।

তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর দুপুরে দোকান মালিক নাঈম হোসেন, সায়েম ও আলমাসসহ কয়েকজন দোকানটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ৮-১০ লাখ টাকার জুতা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ব্যাংকের চেক ও নগদ টাকা নিয়ে যান। ঘটনা চলাকালে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেন।

সাগর দাস জানান, দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে তিনি আদালতে একটি মামলা (মামলা নম্বর: সিআর-৪৫৩/২৬) করেছেন। এর আগে গত ২৩ আগস্ট তাকে মারধর ও চাঁদা দাবির ঘটনা ঘটে বলেও তিনি অভিযোগ করেন।

তবে ঘটনাস্থলে উপস্থিত থাকার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এসআই মফিজুল ইসলাম বলেন, “আমি সেখানে ছিলাম না। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ যাচাই করা যেতে পারে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দোকান সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) আদালতে পাঠানো হয়েছে। তবে তালা ভেঙে মালামাল নেওয়ার বিষয়ে তিনি অবগত নন।

অন্যদিকে অভিযুক্ত দোকান মালিক নাঈম হোসেন পাল্টা সংবাদ সম্মেলন করার কথা জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার নিরপেক্ষ তদন্ত ও লুটে নেওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাগর দাস।

 


সম্পর্কিত খবর