পটুয়াখালীর বাউফলে আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলার ৬৬টি পূজা মণ্ডপে আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান করেছে বাউফল পৌর বিএনপি।
বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। পৌর বিএনপির পক্ষে উপহার বিতরণ করেন ছাত্রবিষয়ক সম্পাদক ইমাম হাসান।
এ সময় এক সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বাউফলের চিরন্তন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল পৌরসভার সাবেক পৌর প্রশাসক ও কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ঐক্যফ্রন্টের আহ্বায়ক নিতাই বাবু, সদস্য সচিব রাখাল চন্দ্র দাস, ফুলতলা গীতাশ্রমের সভাপতি সুশান্ত সাহা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির সদস্যরা।