দেশের খবর

বান্দরবানে নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা

 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী, বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরীকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বান্দরবান জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এই জমকালো আয়োজন সম্পন্ন হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি ও মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর পার্বত্য অঞ্চলের মানুষের অধিকার আদায় এবং পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা বজায় রাখতে বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে রাজপুত্র সাচিং প্রু জেরী বান্দরবানের সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি দলীয় নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশাল এই জনসমাবেশে জেলার সাতটি উপজেলা, দুই পৌরসভা ও চৌত্রিশটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে জেলার ঐতিহ্যবাহী রাজার মাঠ হয়ে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণের গণসংবর্ধনা ও জনসমাবেশে মিলিত হয়। একই সঙ্গে জেলা  হতে বান্দরবান সংযোগ সড়কের হলুদিয়া, বান্দরবান বিশ্ববিদ্যালয়, সুয়ালক, মাঝের পাড়া রাস্তার মাথা, রেইছা, তালুকদার পাড়া সহ বিভিন্ন যায়গায় সামাজিক ও রাজনৈতিক সহ সর্বস্তরের জনগণের ফুলের শুভেচ্ছায় সিক্ত হন নবনিযুক্ত পার্বত্য মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।



সম্পর্কিত খবর