চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানের আলীকদমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে আলীকদম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থোওয়াই অং ম্রো (১০) নামে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু হয়।

 

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিদ্যালয়ের হোস্টেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে থোওয়াই অং ম্রো। শিক্ষকরা তাকে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান, পরে আলীকদম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু শামা জানান, "অসুস্থ হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, তবে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।"

 

এদিকে, আলীকদম সরকারি হাসপাতালের চিকিৎসক জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর মরদেহ স্থানীয় ইউপি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

 

কুরুকপাতা ইউনিয়ন আলীকদম সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখানে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা না থাকায় স্থানীয়রা ভোগান্তিতে পড়ছেন। এই ঘটনা আবারও ওই অঞ্চলের স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার বিষয়টি সামনে এনে দিয়েছে। 

 

থোওয়াই অং ম্রোর পিতার নাম থংওয়াই ম্রো। তিনি কুরুকপাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেম্পা কারবারি পাড়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে তার গলায় তেঁতুলের বিচি আটকে শ্বাসনালীতে সমস্যা সৃষ্টি হয়েছিল। সে সময় চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে আবার হোস্টেলে ফিরে আসে। তবে এবার আর বাঁচানো গেল না।



সম্পর্কিত খবর