দেশের খবর

বারংবার হিন্দু পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে বসবাসকারী একমাত্র হিন্দু পরিবারের ওপর বারংবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় ভাংচুর ও লুটপাটসহ বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে সন্ত্রাসীরা। বড় ধরণের ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছে ওই হিন্দু পরিবারটি। সোমবার সকাল থেকেই আবারো নতুন করে হামলা-ভাংচুর, লুটপাট ও গাছ কেটে নেয়ার পায়তারায় মরিয়া হয়ে ওঠেছে রফিকুল ইসলাম তালুকদার ওরফে স্বপন মাস্টার গং। হামলা, ভাংচুর, লুটপাট ও গাছ কেটে নেয়াসহ বসতবাড়ি ও ভূমি বেদখলের হুমকিতে মানবেতর জীবনযাপন করছে স্বর্গীয় খোকারাম সুত্রধরের পরিবার। এ বিষয়ে হিন্দু পরিবারটির সদস্য কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম জানান, এবার নুরুজ্জামান তালুকদার বাবুর সহোদর ভাই শামীম তালুকদারের সরাসরি নেতৃত্বে হামলা, ভাংচুর, লুটপাট, গাছ কাটা ও ভূমি বেদখলের প্রস্তুতি নিচ্ছে রফিকুল ইসলাম তালুকদার ওরফে স্বপন মাস্টার গং। তিনি আরো জানান, ইতোপূর্বে নুরুজ্জামান তালুকদার বাবুর পরিবারের কোন সদস্য হিন্দু ওই পরিবারের জায়গা-জমিতে অনধিকার প্রবেশ করবে না মর্মে আদালতে একাধিকবার মুচলেকাও দিয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা দক্ষিণ সরিষাবাড়ীর সন্ত্রাসীদের গডফাদার নুরুজ্জামান তালুকদার বাবুর চাচাতো ভাই রফিকুল ইসলাম ওরফে স্বপন মাস্টারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে বাড়ীর টিনের বেড়া ভাংচুরসহ লুটপাট চালায়। সে সময় হিন্দু পরিবারটির বাড়িতে থাকা একমাত্র মহিলা সদস্য আল্পনা রাণীকে মারপিট করে গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের একটি চেইন ছিনতাই করে নিয়ে যায়। যাবার সময় বাড়ীতে থাকা অন্যান্য আসবাবপত্রও লুটপাট করে। 

এ বিষয়ে ভুক্তভোগী হিন্দু ওই পরিবারের সদস্য কবি ও সাংবাদিক প্রদীপ চন্দ্র মম গত বুধবার সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।



সম্পর্কিত খবর