টপ নিউজ

বিশ্ববাজারে সোনা-রুপার দাম কমেছে

মার্কিন ডলারের মান কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে সোনার দামে ফের নিম্নগতি দেখা গেছে। সোমবার (৬ জুলাই) স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪১ দশমিক ৬৯ ডলারে নেমে এসেছে।

 

 

খবর রয়টার্স

আর আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৫৪ ডলারে দাঁড়িয়েছে। সোনার দাম কমে যাওয়ার ব্যাখ্যা করে কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সোনার দাম এখনও প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। চলতি সপ্তাহে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির বিষয়ে অবস্থান বুঝতে বিনিয়োগকারীরা সতর্ক দৃষ্টি রাখবেন।’

 

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান (প্যারোল) সংক্রান্ত তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল আসায় মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হারের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়।

 

 

ফলে গত সপ্তাহে সোনার দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

জেপি মরগ্যান জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সোনার সর্বোচ্চ দাম প্রতি আউন্স ৪ হাজার ৩০০ ডলার এবং চতুর্থ প্রান্তিকে ৪ হাজার ৫০০ ডলারে সীমিত থাকতে পারে।

 

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৪ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৬১৫ দশমিক ৯৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৬১ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

 

 

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

 



সম্পর্কিত খবর