ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ সোমবার বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক আছে। সোমবার (২৬ জানুয়ারি) বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে ছুটি থাকায় আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে। বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ আছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউজের কার্যক্রম স্বাভাবিক চলছে। বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।