যশোরের বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন-২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই হাজার ১০৬ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন এক হাজার ৯৫৩ জন সদস্য। ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচনে আমিরুল-বনি ও সবুর-সাজেদুর দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতিসহ ১৯টি পদে আমিরুল-বনি পরিষদের নেতৃবৃন্দ জয়লাভ করেন। অন্যদিকে সবুর-সাজেদুর পরিষদ থেকে সভাপতি ও রপ্তানি বিষয়ক সম্পাদক—এই দুটি পদে প্রার্থী জয়লাভ করেন। দপ্তর সম্পাদক পদে রানা আহমেদ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে হায়দার আলী আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী জানান, উৎসাহ ও উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুস সবুর শেখ ৯৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম পেয়েছেন ৯৩৮ ভোট। সিনিয়র সহসভাপতি পদে আলহাজ মো. নজরুল ইসলাম ১,০৫৭ ভোট পেয়ে বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী রওশন আলী পেয়েছেন ৮১৪ ভোট। সহসভাপতি পদে মাহবুবুর রহমান ১,১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ৭৩৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান বনি ১,২০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী সাজেদুর রহমান পেয়েছেন ৭২০ ভোট। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে শাকিরুল ইসলাম শাকিল ১,২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী খেলাফত হোসেন পেয়েছেন ৭১০ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম আসাদ ১,২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী মিলন হোসেন পেয়েছেন ৬৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আসানুর রহমান ১,০৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রাকিব পেয়েছেন ৮০০ ভোট। শ্রম ও সদস্য কল্যাণ সম্পাদক পদে রায়হান সিদ্দিকী ১,১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী সুজন আক্তার পেয়েছেন ৭০ ভোট।
অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ আল ফয়সাল ১,০৫২ ভোট পেয়ে নির্বাচিত হন; তার প্রতিদ্বন্দ্বী কাজী শাহাবুদ্দীন পেয়েছেন ৮০০ ভোট। বন্দর বিষয়ক সম্পাদক পদে আব্দুস সাত্তার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী ফজলুর রহমান পেয়েছেন ৯০৭ ভোট। কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে আসাদুজ্জামান ১,১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী হাসান আলী পেয়েছেন ৬৮৪ ভোট। প্রচার সম্পাদক পদে সজিবুর রহমান ১,১৩৮ ভোট পেয়ে বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী ইয়ানুর রহমান পেয়েছেন ৭০১ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আক্তারুজ্জামান সনি ১,২১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; তার প্রতিদ্বন্দ্বী মাহমুদুর রহমান পেয়েছেন ৬৩৪ ভোট। রপ্তানি বিষয়ক সম্পাদক পদে রকি মাহমুদ লিটন ১,০৩৬ ভোট পেয়ে বিজয়ী হন; তার প্রতিদ্বন্দ্বী হাসানুজ্জামান পেয়েছেন ৯৫৬ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে রেদওয়ানুল ইসলাম সীমান্ত ১,১৮৭ ভোট, মাহাবুব রুবেল ১,১৫৮ ভোট, সাগর হোসেন ১,১০০ ভোট এবং জসীম উদ্দীন ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে ভোটারদের ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।