বেনাপোলের বড়আঁচড়ায় ফেনসিডিল মামলায় মাদক ব্যবসায়ী হৃদয় হোসেন সাগরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। মঙ্গলবার বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত হৃদয় বেনাপোলের বড়আঁচড়ার গেটপাড়ার আনারুল ইসলাম বিশ্বাসের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ৯ নভেম্বর রাতে ৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সদস্যরা ভবেরবেড় গ্রামের বাইপাসের চোরের রাস্তায় অবস্থান নেন। এ সময় সন্দেহজনকভাবে হৃদয় হোসেন সাগরকে আটক ও তল্লাশি করে ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিজিবির নায়েক নুরুল ইসলাম বাদী হয়ে আটক হৃদয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এই মামলার তদন্ত শেষে হৃদয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হৃদয় হোসেন সাগরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত হৃদয় হোসেন সাগর জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছে।