বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্মজীবী সমিতির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল। এ সময় কর্মজীবী সমিতির সভাপতি মো. হাসিবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনসহ সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়া ব্রির বিভাগীয় ও শাখা প্রধান, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক প্রতিনিধি এবং ব্রি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
ইফতার শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
রমজানের তাৎপর্য তুলে ধরে তারা বলেন, আত্মশুদ্ধি ও সংযমের এ মাস কর্মক্ষেত্রে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জোরদারে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পর্ব সম্পন্ন হয়।