দেশের খবর

ব্রিতে নবনিযুক্ত বিজ্ঞানী-কর্মকর্তাদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

 ব্রি-এ নবযোগদানকৃত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানী ও কর্মকর্তাদের জন্য দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং (পরিচিতিমূলক প্রশিক্ষণ) অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ব্রির প্রশিক্ষণ বিভাগের সভাকক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

 

প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মো. খালেকুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের গবেষণায় পেশাদারিত্ব, উদ্ভাবনী সক্ষমতা ও দলগত সমন্বয়ের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা জোরদারে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, পরিবর্তিত জলবায়ু ও ক্রমবর্ধমান জনসংখ্যার প্রেক্ষাপটে টেকসই ধান উৎপাদনে গবেষণার গুরুত্ব অপরিসীম।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, ধান-ভিত্তিক খামার বিন্যাস বিভাগের প্রধান ও ব্রি বিজ্ঞানী সমিতির সভাপতি ড. মো. ইব্রাহিম, বিভাগীয় প্রধানদের পক্ষে কৃষিতত্ত্ব বিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. মো. আবু বকর সিদ্দিক সরকার এবং ফলিত গবেষণা বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুল। তারা নবাগতদের গবেষণা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানের নীতি আদর্শ অনুসরণে গুরুত্বারোপ করেন।

 

এসময় নবনিযুক্তদের পক্ষে দুইজন বৈজ্ঞানিক কর্মকর্তা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, দেশের প্রধান খাদ্যশস্য ধান নিয়ে গবেষণায় অবদান রাখার সুযোগ পাওয়া তাদের জন্য গৌরবের।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসন বিভাগের সিনিয়র সহকারী পরিচালক কাওছার আহমদ।

পরে নবনিযুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তারা ব্রির বিভিন্ন বিভাগ, শাখা ও গবেষণাগার পরিদর্শন করেন। এ সময় তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবন এবং মাঠপর্যায়ে সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

 



সম্পর্কিত খবর