বড্ড বাজে সময় কাটাচ্ছে চেলসি। সর্বশেষ তিন ম্যাচে নেই ব্লুজদের জয়। দুই হারের বিপরীতের এক ড্র। সর্বশেষ হারটি এসেছে গতকাল রাতে। ব্রেন্টফোর্ডের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে চেলসি। শুরুটা অবশ্য ভালোই করেছিল তারা।
তবে ম্যাচ জয়ের জন্য যা প্রয়োজন সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখা ৯০ মিনিটেও পায়নি তারা।
প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পরে ঘরের মাঠে গোল উদযাপন শুরু করে ব্রেন্টফোর্ড। শুরুটা হয় জাইডন অ্যান্থনির গোলে। ৬১ মিনিটে দলের পাওয়া কর্নার থেকে হেডে গোল করেন তিনি।
পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হওয়া চেলসি হাই লাইন ডিফেন্সে খেলা শুরু করে। কিন্তু নিজের কৌশলেই ধরা খায় তারা। ব্লুজদের রক্ষণভাগ বেশ ওপরে থাকায় প্রতি আক্রমণের সুযোগ নেয় ব্রেন্টফোর্ড।
চেলসির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য বল জালে জড়ানোর আগে চেষ্টা করেছিলেন। ৮৩ মিনিটে মার্তিনেজকে একা পেয়ে শট নেন কেভিন শাডে। গোলবার ছেড়ে বেরিয়ে আসা আর্জেন্টিনার গোলরক্ষক বাঁদিকে ঝাঁপিয়ে বল প্রতিহত করেন। তবে কাছেই থাকা ইগোর থিয়াগো ফাঁকা জালে বল জড়াতে ভুল করেননি। সব মিলিয়ে চেলসিতে নাম লেখানোর পর ৪ ম্যাচে ১০ গোল হজম করেছেন মার্তিনেজ।
আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চেলসির জালে শেষ পেরেক মারেন ফাবিও কারভালহো। শাডের দারুণ এক পাসে বলকে জালে জড়ান পর্তুগালের অ্যাটাকিং মিডফিল্ডার। তাতে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড। তাতে টানা দুই জয়ে লিগ শুরু করা জাবি আলোনসোর দল শেষ তিন ম্যাচে জয়হীন।