খবর প্রতিদিন

ভারতীয় মাদক অবৈধপথে আমদানির নিরাপদ রুট গোয়াইনঘাট সীমান্ত

ভারতীয় মাদকদ্রব্য অবৈধ পথে বাংলাদেশের আমদানির নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে সিলেটের গোয়াইনঘাট সীমান্ত। বিশাল আয়তনের এই সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই বিপুল পরিমাণ বিভিন্ন ধরণের ভারতীয় মদ আমদানীতে ব্যবহার করা হচ্ছে কিশোরদেরকেও। তবে মাঝে মধ্যে পুলিশের আইওয়াস অভিযানও পরিচালিত হয়। অভিযান থেকেই অনুমান করা যায়-এই সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক আমদানীর বিপদজনক অবস্থা।

স্থানীয়রা জানান, গোয়াইনঘাট এলাকার মাফিয়া সিন্ডিকেট সব মহলকে ম্যানেজ করে নিরাপদে অবৈধভাবে মাদকদ্রব্য আমদানি করছে। গোয়াইনঘাটের বিশাল সীমান্ত এলাকা অনেকটা পাহাড়ি এলাকা। অবৈধভাবে মাদক আমদানির মাফিয়া সিন্ডিকেটের সদস্যরা ওই পাহাড়ি পথ ব্যবহার সহজেই বাংলাদেশে নিয়ে আসে মাদক। সীমান্ত পেরিয়ে ওইসব মাদকদ্রব্য পাচার করা হয় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায়। বিভিন্ন এলাকায় মাদক পাচারের জন্যে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয় সালুটিকর পয়েন্ট। এই সালুটিকরেই হিসেব নিকেশ হয় মাদক আমদানির পরিমাণ। পুলিশের নাম ব্যবহার করে শফিক নামে এক ব্যক্তি ওই হিসেব নিকেশের দায়িত্ব পালন করে। শফিকের মাধ্যমে বিভিন্ন মহলের চাঁদা পৌঁছে দেয়া হয়। সুত্র জানায়, অনেক সময় হিসেবে গড়মিল হলে পুলিশ অভিযান চালায়। ধরা পড়ে মাদক।

সর্বশেষ ২১ সেপ্টেম্বর পুলিশ অভিযান চালায় সালুটিকরের অদূরে বিছনাকান্দি এলাকায়। এই অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৯০ বোতল ম্যাকডুয়েল মদসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে গোয়াইনঘাট থানা এলাকাধীন ১৩নং বিছনাকান্দি ইউপির বগাইয়া সাকিনে ২ বস্তা ভর্তি ৯০ (নব্বই) বোতল ভারতীয় ম্যাকডুয়েল মদসহ মো. কাউসার মিয়া (২০), পিতা- আনছার আলী, সাং- বগাইয়া, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেটকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা অপর মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় এসআই এনামুল হাসান গ্রেপ্তারকৃত আসামি মো. কাউসার মিয়া এবং পলাতক আসামি পারভেজ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া গ্রামে এসআই এনামুল হাসান অভিযান পরিচালনা করে ৯০ বোতল ভারতীয় মদসহ কাওসার নামের এক কিশোর আটক করে। আটককৃত কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 
 


সম্পর্কিত খবর