খুলনা

ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এলাকার সীমান্ত পিলার ৬/২৯-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া মাঠের মেহগনি বাগানে একটি বিশেষ টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে চারজন বাংলাদেশিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুজন তৃতীয় লিঙ্গের সদস্য। তাঁরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

অন্যদিকে, একই সময়ে গয়েশপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামিমুক্ত ৪,৩৬০ পিস ভারতীয় ওষুধ ও ৮৩০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় বিজিবি।

 


সম্পর্কিত খবর