খুলনা

ভারতের স্বাধীনতা দিবসে শনিবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

 ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

শুক্রবার বিকেলে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে ওপারে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে এক দিনের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে সাপ্তাহিক সরকারি ছুটিতে কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকে। আগামী রোববার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, "শনিবার ভারতে সরকারি ছুটি থাকায় এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা আমাদের আগেই জানিয়েছেন। রোববার সকাল থেকে আবারও যথানিয়মে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।"

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, শনিবার এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

 


সম্পর্কিত খবর