বিশ্বকাপ শেষে ভিনিসিয়ুস জুনিয়রের আর্সেনালে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলিয়ান তারকা।
তার এই সিদ্ধান্তে নতুন কোচ জোসে মরিনিওর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানা গেল এবার।
মরিনহো নিজেই জানালেন সেই কথা। ভিনিসিয়ুসকে তিনি চলে যেতে নিষেধ করেছিলেন। মরিনহো অবশ্য এটাও বললেন যে, ভিনিসিয়ুসকে আটকাতে তাকে বেশি কিছু করতে হয়নি।
কারণ, আগে থেকেই রিয়াল মাদ্রিদের প্রতি নিবেদিত এই ফরোয়ার্ড।
ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে ওই গুঞ্জন বাড়তি মাত্রা পাওয়ার কারণ য়িালের সঙ্গে তখন তার চুক্তির মেয়াদ মাত্র ১ বছর বাকি ছিল। চুক্তি নবায়নের আলোচনাও এগোচ্ছিল না। পরে মত বদলে ৬ বছরের নতুন চুক্তি করেন তিনি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস-এর সঙ্গে আলাপকালে সেই সময়ের কথা জানালেন মরিনহো, ‘অবশ্যই তার (ভিনিসিয়ুসের) সঙ্গে আমি কথা বলেছিলাম। তবে সে আগে থেকেই রিয়াল মাদ্রিদের প্রেমে পড়েছিল। তাকে আমি শুধু বলেছিলাম, ‘ভিনি, তুমি কোথায় যেতে চাও? তুমি শুরুতে ব্রাজিলে ছিলে এবং এরপর তুমি শুধু রিয়াল মাদ্রিদ সম্পর্কেই জানো।’
মরিনহো ভিনিকে আরো বলেন, ‘তুমি রিয়াল মাদ্রিদের গুরুত্ব তখনই বুঝতে পারবে, যখন এখান থেকে চলে যাবে। তোমার চলে যাওয়া ঠিক হবে না।
’
তা ছাড়া আগের দুই মৌসুমের হতাশা কাটিয়ে ওঠার অভিযানে দল যেভাবে গড়ে উঠছে ও প্রস্তুত হচ্ছে, তাতেও বিশ্বাস রেখে থেকে যাওয়ার পক্ষে ভিনিকে যুক্তি দেখিয়েছেন মরিনহো, ‘আমার মনে হয় দল যেভাবে বেড়ে উঠছে, যেভাবে আমরা কাজ করছি এবং উন্নতি করছি, এসব তাকে ভালো অনুভূতি দিয়েছে। ভিনিসিয়ুস যন্ত্রের মতো। তাকে পরিশ্রম করতে দেখাটা আনন্দের।’
মরিনহোর অধীনে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে চারটি প্রীতি ম্যাচ খেলেছে রিয়াল। এবার তার দল মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অপেক্ষায়। আগামী ২২ আগস্ট রাতে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন যাত্রা শুরু হবে মরিনহোর।