জাতীয়

ভোলায় বাসচাপায় মা-ছেলেসহ নিহত ৩

ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা মা-ছেলেসহ তিনজন নিহতের খবর পাওয়া গেছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকার আজহার উদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মা শিল্পী রাণী দাস (৫৫), ছেলে তুষার দাস (২৫) ও অটোরিকশাচালক মো. নাসিম (৪৩)। তাদের সবার বাড়ি তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকায়।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টার দিকে বাসটি লালমোহনের গাজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও এতে থাকা আরো দুই যাত্রী মারা যান। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

 

 

তবে এ ঘটনায় বাসে থাকা যাত্রীরাদের মধ্যে কেউ নিহত বা গুরুতর আহত হয়নি। এর আগেও গত বৃহস্পতিবার একই এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম ও মো. অলি উল্যাহ ডুবাই নামের শালা-দুলাভাইরে মৃত্যু হয়েছে। চার দিনের ব্যবধানে একই স্থানে বাসচাপায় তিনজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম নিহতর খবর নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 



সম্পর্কিত খবর