চট্টগ্রাম প্রতিদিন

মধ্যরাতের প্রবল বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যরাতে টানা তিন ঘণ্টা মুষলধারে বৃষ্টির ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

গতকাল মধ্যরাতে অতি অল্প সময়ে চরমমাত্রার বৃষ্টিপাত বা ‘মেঘ বিস্ফোরণ’ (Cloudburst)-এর ফলে নিচু এলাকাগুলো তলিয়ে যায়।

টানা ভারীবর্ষণে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর এলাকায় আকস্মিক জলাবদ্ধতা তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত সরজমিনে পরিদর্শনে যান জেলা প্রশাসক আনোয়ার সাদাত। তিনি ক্ষতিগ্রস্ত ও জলবন্দি সাধারণ মানুষের খোঁজখবর নেন। পাশাপাশি তাদের জন্য নিরাপদ আশ্রয় এবং তাৎক্ষণিকভাবে খাদ্য ও ত্রাণসামগ্রীর ব্যবস্থা করেন।

এদিকে জেলার দীঘিনালা উপজেলার কবাখালী, বোয়ালখালী এবং মেরুং এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন শত শত পর্যটক। পরে বিকল্প সড়ক ব্যবহার করে তাঁদের যাতায়াতের ব্যবস্থা করা হয়।

কোনো ছোট ভৌগোলিক এলাকায় (প্রায় ২০–৩০ বর্গকিলোমিটার) এক ঘণ্টায় ১০০ মিলিমিটার (৪ ইঞ্চি) বা তার বেশি বৃষ্টিপাত হলে তাকে আবহাওয়াবিজ্ঞানের ভাষায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘ বিস্ফোরণ বলা হয়। এটি মেঘের আকস্মিক ফেটে যাওয়া নয়, বরং সংক্ষিপ্ত সময়ে অতিরিক্ত তীব্র বৃষ্টিপাতের একটি চরম রূপ। এ সময় খাগড়াছড়িতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরিদর্শনকালে পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা নির্বাহী কর্মকর্তা, রেড ক্রিসেন্ট সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



সম্পর্কিত খবর