খুলনা

মহেশপুরে ৩ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার, দম্পতি আটক

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেপা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঘাডাঙা গ্রামের সোহরাব হোসেনের ছেলে মো. জাকারিয়া (২৯) এবং তাঁর স্ত্রী মোছা. পারভীন (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এসআই মো. টিপু সুলতানের নেতৃত্বে একটি দল নেপা গ্রামে আব্দুল মালেকের বাড়ির দ্বিতীয় তলায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাকারিয়া ও তাঁর স্ত্রীকে আটক করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যমতে বিছানার নিচে তল্লাশি চালিয়ে ৬,৭০০ পিস ভারতীয় ট্যাবলেট ও ক্যাপসুল উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং চোরাচালান দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 


সম্পর্কিত খবর