নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে আরাফাতের বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরাফাত দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। তাঁর নামে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির পাঁচটি মামলা রয়েছে।
নিহতের পরিবার ও স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। মাদকের বিষয়টি তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁরা প্রচার করছেন, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, মাদক বেচাকেনার দ্বন্দ্বে প্রতিপক্ষ একই গ্রামের কবির হোসেন ও জিসানসহ ৪-৫ জন মিলে আরাফাত মোল্যাকে হত্যা করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য আরাফাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।