মাদক বিরোধী সংবাদ প্রকাশের জেরে গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক রাজনৈতিক নেতার গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক মো. মানিক দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি হিসেবে কর্মরত, অভিযোগ করেন, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার ওরফে রিয়াজ মেম্বার এবং তার সহযোগীরা পরিকল্পিত ভাবে এ হামলা চালায়।
অভিযোগ উঠেছে, রাজনৈতিক দলীয় প্রভাব কাজে লাগিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৯নং ওর্য়াডের বরাব গ্রামে মাদক, সন্ত্রাস, অসামাজিক কার্যকলাপের নেতৃত্ব দেন সাবেক মেম্বার রিয়াজ মাহমুদ তালুকদার। তার ভয়ে এলাকার সাধারন মানুষ মুখ খুলতে সাহস পায় না। কিছুদিন পরপর তার ষড়যন্ত্রের বলি হতে হয় স্থানীয়দের। যার সর্বশেষ উদাহরণ দৈনিক কালবেলার সাংবাদিক মো. মানিকের উপর রিয়াজ মেম্বারের গ্যাংয়ের হামলা। এ ঘটনায় রিয়াজ মাহমুদ তালুকদারের বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, গত ২৩ মার্চ কালিয়াকৈর উপজেলার মৌচাকের বরাব দক্ষিণপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বিরোধী একটি প্রতিবেদন প্রকাশ করেন মানিক। এর জেরে অভিযুক্তদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরদিন ২৪ মার্চ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের পথে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেইট বাজার এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় রিয়াজ মাহমুদ তালুকদার, তার ছেলে রাশেদ তালুকদার, রিনা বেগম, মো. রকি, মো. সবুজ হোসন, মো. বেলাল উদ্দিন সহ কয়েকজন সহযোগী লোহার রড, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে মানিককে মারধর করে বলে অভিযোগ উঠেছে। হামলায় মানিকের ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। ঘটনাস্থলে উপস্থিত তার ৯ বছর বয়সী মেয়ে বাবাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় ৬ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও কয়েকজনকে বিবাদী করে ভুক্তভোগী সাংবাদিক মো. মানিকের স্ত্রী কাকলি বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে মানিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে রাসেল গুরুতর আহত হন।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় মানিকের কাছে থাকা দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, পরিচয়পত্রসহ একটি ব্যাগ এবং নগদ প্রায় ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার স্ত্রীর গলার স্বর্ণালংকারও নিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার সময় অভিযুক্তরা জানান, ভবিষ্যতে মো. মানিক সংবাদ প্রকাশ করলে আরও ভয়াবহ পরিণতির হুমকি দেয়।
এ ঘটনায় মানিকের স্ত্রী কাকলি বাদী হয়ে কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদারসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মানিক বলেন, পেশাগত দায়িত্ব পালন করে সমাজের অসঙ্গতি তুলে ধরাই আমার কাজ। সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ও আমার পরিবার হামলার শিকার হয়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, তিনি ছুটিতে থাকলেও অভিযোগের বিষয়ে অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রিয়াজ মাহমুদ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।