নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করার প্রতিবাদে এবং সমর্থকদের দাবির মুখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ সংলগ্ন মাঠে আবদুল মান্নান ভূঁইয়া পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। আগামীকাল রোববার তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে নিশ্চিত করেছেন।
সভায় আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব ও চক্রধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা বলেন, “আমরা চেয়েছিলাম দলের পক্ষ থেকে সংস্কারপন্থী হিসেবে পরিচিত প্রয়াত আবদুল মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে সম্মান জানানো হোক। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করা হয়েছে। তাই বাধ্য হয়েই তাঁর আদর্শ রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, “আবদুল মান্নান ভূঁইয়া কখনও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। শিবপুরের সাধারণ মানুষ তাঁকে ভালোবাসেন। আমরা নির্বাচনের আচরণবিধি মেনেই লড়াই করব এবং জয়ী হয়েই তাঁর সম্মান পুনরুদ্ধার করব।”
উল্লেখ্য, আবদুল মান্নান ভূঁইয়া দীর্ঘ সময় বিএনপির মহাসচিব থাকলেও ২০০৭ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে সংস্কারপন্থী তকমা নিয়ে দল থেকে বহিষ্কৃত হন। তাঁর মৃত্যুর এতদিন পরেও বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, যা এখন নির্বাচনী মেরুকরণে নতুন মাত্রা যোগ করল।