যশোরের বাঘারপাড়া উপজেলায় গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন আপন বোন। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তিন শিশু হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তাদের প্রতিবেশী চাচা মাহবুবুর রহমান জানান, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তারা গোসল করতে যায়। পরে কোনো খোঁজ না পেয়ে তাদের দাদি স্থানীয়দের নিয়ে পুকুরে গিয়ে দেখেন সিঁড়ির নিচে তিনজনের দেহ ভাসছে। এ সময় দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই পুকুরটিতে সাধারণত লোকজন কম যায়। যারা গোসল করতে নামেন, তারা কাজ সেরে দ্রুত চলে আসেন।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাসনুন আবদুল্লাহ জানান, দুপুর ১২টা ৫০ মিনিটে হাসপাতালে তিন শিশুকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল। ইসিজি পরীক্ষা করে শরীরে জীবনের কোনো লক্ষণ পাওয়া যায়নি।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, “পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”