আন্তর্জাতিক

যুদ্ধ অথবা যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্রকে ইরান

লেবাননে চলমান ইসরায়েলি হামলা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির শর্তের গুরুতর লঙ্ঘন বলে ফের সতর্ক করলেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি—যে কোনো একটি বেছে নিতে হবে।’ বিবিসির সঙ্গে আলাপকালে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ এ কথা বলেন।

 

বিবিসি রেডিও ৪-এর টুডে এক অনুষ্ঠানে উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, যুক্তরাষ্ট্রকে ‘যুদ্ধ ও যুদ্ধবিরতির মধ্যে’ একটি বেছে নিতে হবে এবং ‘একই সঙ্গে কেক রাখা এবং খাওয়া যাবে না’।

 

 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বুধবার দেশটিতে ইসরায়েলের ভয়াবহ হামলায় তিন শতাধিক মানুষ নিহত হয়। এর আগে ওইদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে।  এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী পাকিস্তান বলেছে, লেবাননও যুদ্ধবিরতির আওতায় আছে। ইরানও সেটাই বলছে। ফলে বিশ্বনেতারা কার্যকর যুদ্ধবিরতির জন্য লেবাননে হামলা চালানো বন্ধের আহ্বান জানাচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, ‘লেবানন যুদ্ধবিরতির আওতায় নেই।’ এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। 

 



সম্পর্কিত খবর