নড়াইলের কালিয়া পৌরসভার সীতারামপুর এলাকায় একটি টিনশেডের দেয়াল ঘরে পটকা জাতীয় বস্তু বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাস্তার পাশে সীতারামপুরের ছবুরোন নেসার একটি ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ এটিকে ‘হোমমেড আইইডি বা পটকা’ জাতীয় বিস্ফোরক দ্রব্য বলছে।
বাড়ির মালিক ছবুরোন নেসা বলেন, যে ঘরটিতে বিস্ফোরণ ঘটে, সেই ঘরের জানালার বাইরে একটি লম্বা রশি ঝুলছিল। জানালার বাইরে লম্বা রশি দেখে আমি তা সরিয়ে নেওয়ার চেষ্টা করি। হঠাৎ রশিতে টান পড়লে ঘরের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে ঘরটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ছবুরোন নেসার ধারণা, কে বা কারা এই বিস্ফোরক দ্রব্যটি তাঁর ঘরের মধ্যে রেখে গেছে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন তাঁর বাড়িতে জড়ো হন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, যে ঘরটিতে পটকা জাতীয় দ্রব্যটি বিস্ফোরিত হয়েছে, সেখানে কেউ থাকেন না। ঘরের জানালা ও দরজাও নেই। সেখান থেকে পাতিলের মধ্যে বিস্ফোরিত দ্রব্যের আলামত সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরিত বস্তুটি ককটেল নয়। এটিকে ‘হোমমেড আইইডি বা পটকা’ জাতীয় জিনিস বলা হচ্ছে। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যটি রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।