রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে বাংলাদেশ আবার সুন্দর ও স্বাভাবিক জীবনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারের আড়িয়াল খাঁ নদের ঘাটে বাজার কমিটির আয়োজনে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, “বাংলাদেশের মানুষ নতুন করে রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা থেকে মুক্ত হয়ে একটি সুন্দর ও ঐতিহ্যময় জীবনযাপনের দিকে এগিয়ে যাবে।” সরকার তরুণ সমাজের দৈহিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, লেখাপড়া ও রাজনীতির পাশাপাশি দেশের মানুষের কল্যাণমূলক কর্মকাণ্ড এবং খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে। এর মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টির পাশাপাশি একটি সুস্থ সমাজ গড়ে উঠবে।
নৌকা বাইচের প্রসঙ্গে তিনি বলেন, একসময় গ্রামবাংলার মানুষ নৌকা বাইচের অনাবিল আনন্দ উপভোগ করত। সময়ের পরিবর্তন ও সামাজিক নানা জটিলতায় সেই আনন্দ অনেকটাই হারিয়ে গেছে। ঐতিহ্যবাহী নৌকা বাইচের মাধ্যমে সেই হারানো আনন্দ ও ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা ভবিষ্যতে সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় নরসিংদীর রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গেও বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি নরসিংদীর আসনগুলোতে বিএনপির নির্বাচনী সাফল্য এবং দলটির রাজনৈতিক ধারাবাহিকতার কথা তুলে ধরেন।
যোশর বাজার পরিচালনা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে অতিথিরা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।