খুলনা

রাজনৈতিক বক্তব্য পরিহারের চুক্তিতে দুপক্ষের সমঝোতা, এমপি আমীর হামজার ওয়াজ মাহফিল সম্পন্ন

অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জে একই সময়ে একই স্থানে জামায়াতের সংসদ সদস্য মুফতি আমীর হামজার তাফসিরুল কুরআন মাহফিল ও মাদকবিরোধী সমাবেশ ডাকা নিয়ে সৃষ্ট পরিস্থিতির অবসান ঘটেছে।

শুক্রবার দুপুর থেকেই শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মুফতি আমীর হামজার তাফসিরুল কুরআন মাহফিলের অনুষ্ঠান সন্ধ্যার পূর্বেই শেষ হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলা প্রশাসনের আহ্বানে দুটি পক্ষের সমঝোতার পর মাদকবিরোধী সমাবেশটি স্থগিত করে অপর পক্ষ।

জানা যায়, শুক্রবার একই সময়ে ওই স্থানে মুফতি আমীর হামজার তাফসিরুল কুরআন মাহফিল এবং ‘সচেতন কালীগঞ্জবাসী ও ছাত্র-জনতা’র ব্যানারে একটি মাদকবিরোধী সমাবেশ ডাকা হয়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে বেশ উত্তেজনা চলছিল। আমীর হামজার তাফসিরুল মাহফিল সফল করতে বৃহস্পতিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। অপরদিকে মাদকবিরোধী সমাবেশের জন্য শহরের ইজিবাইকে মাইকিং ও প্রচারের গাড়ি বের করা হয়। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

এদিকে এমপি আমীর হামজার মাহফিলকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি রোধ করতে বৃহস্পতিবার রাতে জামায়াত নেতা ও এমপি আবু তালিবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে জামায়াত ঘোষণা দেয়, ভুঁইফোড় সংগঠনের ডাকে ১৪৪ ধারা জারি হলেও তারা মাহফিল বাস্তবায়ন করবেন। এর পরপরই অপর পক্ষ মাদকবিরোধী সমাবেশ সফল করতে শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। দুটি পক্ষের শক্ত অবস্থান ও কর্মকাণ্ডে পরিবেশ বেশ অশান্ত হয়ে উঠলে প্রশাসনের টনক নড়ে। রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাগিদ ও থানার ওসি জুলফিকার আলী দুই পক্ষের জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের ডেকে থানায় বৈঠকে বসেন। সেখানে উভয়ের সমঝোতায় মাহফিলে রাজনৈতিক বক্তব্য পরিহারপূর্বক মাহফিল করা এবং মাদকবিরোধী সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত হয়।

ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও মাহফিল উপলক্ষে শুক্রবার সকাল থেকে মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান শুরু হয়। এরপর বিকেলে প্রধান বক্তা এমপি মুফতি আমীর হামজার বক্তব্য শুরু হয়ে মাগরিবের নামাজের পূর্বেই মাহফিলটি শেষ হয়।

আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাদ্দিস শফিউর রহমান আফসারী এবং বিশেষ বক্তার বক্তব্য রাখেন মাওলানা ওলিউর রহমান।

উল্লেখ্য, আমীর হামজার মাহফিল ঘিরে নানা জটলার বিষয়ে গত ১১ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, মাহফিলের আয়োজক ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকীর আবেদনটিতে তখনো অনুমতি দেয়নি প্রশাসন। মাদ্রাসা পরিচালকের দরখাস্তটি জেলা পুলিশ সুপার বরাবর পাঠানো হলে জেলা পুলিশ আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কার কথা জানিয়েছিল। এ কারণে মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন।

অন্যদিকে মাহফিলের জন্য দরখাস্ত ও অনুমতির বিষয়টি নিয়ে আয়োজক মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মেহেদী হাসান ফারুকী জানান, গত ২৩ অক্টোবর মাহফিলের অনুমতির জন্য ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন দেওয়া হয়েছিল। প্রশাসন সে সময়ে মৌখিকভাবে তাদের কার্যক্রম চালাতে বলেছিল। অনুমতিপত্র পরে দেওয়া হবে বলে জানালেও পরে তা দেওয়া হয়নি। তবে সর্বশেষ প্রশাসন ও দুপক্ষের সমঝোতায় তাফসিরুল কোরআন মাহফিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

 


সম্পর্কিত খবর